লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ বলেছেন, জামায়াতে ইসলামী সর্বদাই দেশের শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্বের বিরোধীতা করে আসছে। ভারত বিভক্তকালে মাওলানা মওদুদী পাকিস্তান সৃষ্টির বিরোধীতা করেছিলেন। মুক্তিযুদ্ধকালে গোলাম আযমও বাংলাদেশ সৃষ্টির বিরোধীতা করেছেন। আজ তারা পিআর পদ্ধতির অযৌক্তিক দাবি তুলে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লার চান্দিনা উপজেলার নূরীতলা শাহী ঈদগাহ জামে মসজিদ মাঠে এলডিপি’র ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জামায়াত কখনো এদেশের মঙ্গল চায়নি মন্তব্য করে ড. রেদোয়ান বলেন, স্বাধীনতা সংগ্রামেও তারা পাকিস্তানি হানাদারদের পক্ষ নিয়ে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছে। এখন পিআর পদ্ধতি দাবি করে জাতিকে বিভ্রান্ত এবং নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জাতি তাদের এই প্রলোভনে পড়বে না।
জামায়াতের চলমান আন্দোলন সম্পর্কে এলডিপি মহাসচিব আরও বলেন, রাষ্ট্র সংস্কার, সংবিধান সংস্কার বা অন্যান্য সংস্কার কর্মকাণ্ড নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরু থেকে জামায়াতে ইসলামী কখনো পিআর পদ্ধতি নিয়ে জাতীয় নির্বাচনের দাবি তোলেনি। এখন তারা আন্দোলনে নেমেছে। বিএনপি নেতৃত্বাধীন সমমনা দলও পিআর পদ্ধতির বিরুদ্ধে মাঠে নামবে। বাংলাদেশের মানুষ কখনোই পিআর পদ্ধতিকে গ্রহণ করবে না এবং পিআর পদ্ধতিতে নির্বাচন হতে দেবে না।